কুড়িগ্রামে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ, ইউএনওর গাড়ি ভাংচুর
কুড়িগ্রাম প্রতিনিধি, বিনিয়োগবার্তা: খাদ্য সহায়তার দাবিতে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের চৌরাস্তায় গাছের গুঁড়ি ফেলে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই ইউনিয়নের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে আশ্বস্ত করতে গেলে বিক্ষোভকারীরা তাদের উপর চড়াও হয় এবং ইউএনওর গাড়িতেও ভাংচুর চালায়।
শনিবার সকালে এ ঘটনা ঘটে। বিক্ষোভে ৩ থেকে ৪শ নারী-পুরুষ অংশ নেয়। এসময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, সদরের কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে বারবার তাদের আইডি কার্ডের ফটোকপি নেয়া হলেও এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি। পরিবার পরিজন নিয়ে অভুক্ত থাকতে হচ্ছে তাদের। তাই নিরূপায় হয়ে রাস্তায় নেমেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল অভিযোগ করে বলেন, সরকারি বরাদ্দকৃত খাদ্য সহায়তা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিতরণ করার পরেও নারী সদস্য মর্জিনা বেগম তার এলাকার লোকজন দিয়ে এ অবরোধ করেছে।
সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, অবরোধের বিষয়টি জানার পর জনগণের সঙ্গে কথা বলতে গেলে আমার ওপর চড়াও হয়ে গাড়িতে হামলা করে। এতে গাড়িরর গ্লাস ভেঙে গেছে।
(এসআর/এসএএম/০৯ মে ২০২০)



