করোনা রোগীদের সেবায় অক্সিজেন সিলিন্ডার দিল সাইফ পাওয়ারটেক
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশব্যাপি মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা রোগীদের মৃত্যুর মিছিল ঠেকাতে অতীতের মতো এবারও এগিয়ে এসেছে চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর ও পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড।
এরই অংশ হিসেবে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে শ্বাসকষ্টের রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।
জানা গেছে, কৃত্রিম সংকটের কারণে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগিরা অক্সিজেন পেতে চরম সংকটের মধ্যে পড়েছেন। এই অবস্থায় নিজ উদ্যোগে ১০০ সিলিন্ডার দিয়ে এগিয়ে এলেন তিনি। প্রতিটি গ্যাসভর্তি অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে ট্রলি, ক্যানোলা, মাস্ক, রেগুলেটর, ফ্লো মিটার থাকবে। ফলে খুব সহজেই সেগুলো রোগীদের প্রয়োজনে ব্যবহার করা যাবে।
গতকাল শুক্রবার (১২ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে এই সিলিন্ডারের আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার আমিন। অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আজম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।
এর আগে গত ১৫ এপ্রিল করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দেন তিনি। গত ১৩ মে মাসে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাস্ক, পিপিই, গ্লাভস, গগলস, ইনফ্রায়েড থার্মোমিটারসহ প্রচুর সুরক্ষা সামগ্রী দেন তিনি। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় সংবাদকর্মী ও ফুটবল কোচদের প্রণোদনা দিয়ে যাচ্ছেন তরফদার রুহুল আমিন।
দেশের বিশিষ্ট শীর্ষ ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন বলেন, চট্টগ্রাম হচ্ছে দেশের অর্থনীতির প্রাণ। তাই বিভিন্ন সংবাদমাধ্যমে অক্সিজেন সংকটের খবর পড়ে আমি নিজে এসে এই সিলিন্ডার সরবরাহ দিচ্ছি। এটা লোক দেখানো কোন কাজ নয়, মানবিকতা। করোনা সংকটে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। এটি অব্যাহত থাকবে। আর কিছু না হোক বিপদে পড়া মানুষগুলোর পরিবারের দোয়াতো পাবো।
তরফদার রুহুল আমীন বলেন, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে শুরু থেকেই মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিয়েছি। দুস্থ শ্রমিকদের খাদ্যসামগ্রীর পাশাপাশি বিতরণ করেছি নিরাপত্তাসামগ্রী।
(রাজু/শামীম/১৩ জুন ২০২০)



