মানিকগঞ্জে অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে কয়েকশ’ হেক্টর জমির মরিচ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মানিকগঞ্জের শিবালয় উপজেলার অতিবৃষ্টির কারণে মরে গেছে ৩ শ’ ৫০ হেক্টর জমির মরিচ গাছ। এতে করোনার মধ্যে কৃষকের মরার উপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে। কৃষকরা বলছে, কয়েক দিনের অতিবৃষ্টিতে নিঃস্ব তারা। আর কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে।
শিমুলিয়া গ্রামের কৃষক মো. গণি মিয়া জানান, তিন বিঘা জমিতে ঋণ করে মরিচের চাষ করেছি, কয়েকদিনের বৃষ্টিতে আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন এই করোনার মধ্যে কোথায় যাব, কি করব, আল্লাহ ছাড়া বাঁচার আর কোন পথ নাই।
আশরাফুল ইসলাম নামের কৃষক বলেন, এদিকে করোনার দুযোর্গ অন্যদিকে জমির ফসল মরে যাচ্ছে। আমরা খুব বিপদের মধ্যে আছি। কৃষি বিভাগের প্রশ্ন পাওয়া যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, পরামর্শ দিচ্ছে কিন্তু তাতে কোন কাজ হচ্ছে না দিনের পর দিন গাছ মরে যাচ্ছে।
শিবালয় কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মমদ রিয়াজুর রহমান জানান, ১ হাজার ৪৩৩ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। ইতোমধ্যে অতিবৃষ্টিতে ৩৫০ হেক্টর জমির গাছ মরে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। তবে দিন দিন আরও গাছ মরে যাচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
(এএইচএন/ ২১ জুন, ২০২০)



