বাগেরহাটে ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক সেবা চালু

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনা পরিস্থিতি ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মৎস্য ঘেরে চিংড়ির রোগ নির্ণয় ও চাষিদের সেবা প্রদানের জন্য বাগেরহাটে চালু হয়েছে ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক। বছর জুড়ে চাষিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চিংড়ি গবেষণা কেন্দ্রের এই উদ্যোগ বলে জানান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। এতে দারুন খুশি চাষি ও ব্যবসায়ীরা।

করোনা পরিস্থিতিতে মৎস্য চাষিরা গবেষণা কেন্দ্রে আসতে পারছেন না। এ অবস্থায় চাষিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক চালু করে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র।

চাষিদের ফোন পেলেই চলে যান চিংড়ি গবেষণা কেন্দ্রের ৭ সদস্যর একটি দল। দ্রুত সময়ের মধ্যে খামারে বসে সেবা পেয়ে দারুন খুশি চাষিরা।

এক মৎস চাষী বলেন, ‘করোনার কারণে আমরা অফিসে যেতে পারি না তাই তারাই খবর দিলে চলে এসেছে।’

আরেক মৎস চাষী বলেন, ‘মাটি পানি এগুলো পরীক্ষা করে আমাদের সহযোগিতা করছেন।’

বাগেরহাট জেলা চিংড়ি চাষি সমিতি সভাপতি ফকির মহিতুল ইসলাম সুমন বলেন, ‘এই সেবাটা আরো আগে চালু করা গেলে চাষীরা আরো উপকৃত হতো। তারপরেও এখন যখন চালু করেছে এই ধারা যেন অব্যাহত থাকে।’

চাষিদের প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দিতেই এমন উদ্যোগ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এফ এম শফিকুজ্জোহা বলেন, ‘করোনার সময় আমরা এই সেবাটি চালু করেছি যাতে চাষীরা ঘরে বসে কিছুটা উপকৃত হয়।’

ঘেরের মাটি, পানি, খাদ্যের গুণাগুণ ও রোগ নির্ণয়ে ২ হাজার নমুনা পরীক্ষা এবং দেড় হাজার চাষিকে চিংড়ি চাষ ও রোগ বিষয়ে পরামর্শ সেবা দিয়েছে চিংড়ি গবেষণা কেন্দ্র।

(এএইচএন/ ২২ জুন, ২০২০)


Comment As:

Comment (0)