এইচএসবিসির সাসটেইনেবিলিটি ঋণ পেলো স্কয়ার
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডের (এইচএসবিসি) প্রথম সাসটেইনেবিলিটি লিংকড লোন পেল স্কয়ার গ্রুপ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এইচএসবিসি বাংলাদেশ জানিয়েছে, প্রায় এক হাজার কোটি টাকার (১১৮ মিলিয়ন ডলার) এই সাসটেইনেবিলিটি লোন দীর্ঘ মেয়াদে স্কয়ার গ্রুপের রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিতকল্পে ব্যবহৃত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু পূর্বনির্ধারিত সূচক বা লক্ষ্যমাত্রা (এসপিটি) অর্জনের বিপরীতে এই সাসটেইনেবিলিটি লিংকড লোন, ঋণগ্রহীতার টেকসই উদ্যোগগুলোকে তরান্বিত করবে বলে আশা করছে এইচএসবিসি। এই ধরনের সাসটেইনেবিলিটি লিংকড লোন ঋণগ্রহীতার জন্য চুক্তির মেয়াদে তার প্রতিষ্ঠানের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধিতে সহায়ক হবে।
স্কয়ার গ্রুপ ইউনাইটেড নেশনস গ্লোবাল কম্প্যাক্ট (ইউএনজিসি) -এর স্বাক্ষরকারী প্রতিষ্ঠান। চুক্তির আওতায় স্কয়ার গ্রুপ এইচএসবিসির সঙ্গে পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা (এসপিটি) অর্জনের ফলে হ্রাসকৃত ঋণ-সুদ পরিশোধের সুযোগ পাবে।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানটির ভিডিও সেশনে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্র্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী; বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হুমাউন কবির, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এইচএসবিসি এশিয়া-প্যাসিফিকের রিজিওনাল হেড অব ইন্টারন্যাশনাল মার্কেটস-কমার্শিয়াল ব্যাংকিং লরা গ্যালভিন, এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান, এইচএসবিসি বাংলাদেশের কান্ট্রি হেড অব হোলসেল ব্যাংকিং (ইন্টিরিম) রিয়াজ এ চৌধুরী এবং আমন্ত্রিত কর্মকর্তা ও সুধিজনেরা।
(এএইচএন/ ২৩ জুন, ২০২০)



