লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: লালমনিরহাটের পাটগ্রাম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিজানুর রহমান (২২) নামে এক বাংলাদেশি গরু পাচারকারি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শমসেরনগর সীমান্তের ৮৬২ নাম্বার মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানী ক্যাম্প কমান্ডার সুবেদার সুলতান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মিজানুর রহমানসহ ৮-১০ জনের একটি দল গরু আনার জন্য শমসেরনগর সীমান্ত দিয়ে ভারতে যায়। বিষয়টি টের পেয়ে ভারতীয় রানীনগর ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের চুয়াংগারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যদের গুলিতে মিজানুর রহমানের মৃত্যু হয়। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে বলে তিনি জানান।
নিহত মিজানুর রহমান উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলীবাড়ী সীমান্তের নাসিম উদ্দিন ভুট্টুর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
(এএইচএন/ ২৫ জুন, ২০২০)



