শিবপুরে চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীর চারজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১ জুলাই) রাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাপস কান্তি রায় ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুর উপজেলা শহরের কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো – শিবপুর থানাধীন শিবপুর পূর্ব গ্রামের হারুন মিয়ার ছেলে জিদান(২৪), একই থানার আব্দুল্লাহনগর গ্রামের ফজলুল হকের ছেলে মাসুম(৩০), জালাল উদ্দিনের ছেলে ফরহাদ(৩০) ও পাহার উজিলাব গ্রামের শামসুল হকের ছেলে আরিফুল ইসলাম মিঠুন(২৭)। তাদের কাছ থেকে ৮২ (বিরাশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২৪,৬০০ টাকা।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) ও মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামী জিদানের বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মামলা ও আসামী ফরহাদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
(এসএইচআর/এসএএম/০৪ জুলাই ২০২০)



