চট্টগ্রামে প্রথম সুপেয় পানি পাবে সন্দ্বীপের ৫০০ পরিবার

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নগরের বাইরে চট্টগ্রামে প্রথম উপজেলা হিসেবে সুপেয় পানি সরবরাহ শুরু হচ্ছে সন্দ্বীপে। সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে এ উপজেলায় পানি সরবরাহে নলকূপ বসানো, পাম্প হাউজ নির্মাণ ও পাইপলাইন বসানোর কাজ শেষ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম ধাপে সন্দ্বীপ পৌর এলাকার ৫০০ পরিবার বিশুদ্ধ পানির আওতায় আসবে। সব কাজ শেষ, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।

চট্টগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, নগরে ওয়াসার পানি বিশুদ্ধকরণ ও বিতরণকরণ প্লান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। আগে গ্রামাঞ্চলে সুপেয় পানি সংকট না থাকলেও নগরায়ণের প্রভাবে এখন সেখানেও সুপেয় পানির অভাব দেখা দিচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ পানি সংকট রয়েছে। এসব সমস্যা নিরসনে গ্রামাঞ্চলে বিশেষত পৌর এলাকায় সরকারি ব্যবস্থাপনায় ভূগর্ভস্থ গভীর নলকূপ ব্যবহারের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের প্রকল্প হাতে নেয়া হয়েছে। ধারাবাহিকভাবে সারা দেশের ন্যায় চট্টগ্রাম জেলার সব উপজেলায় এ কার্যক্রম শুরু হবে।

সন্দ্বীপ ছাড়াও বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ ও মিরসরাইয়ে পানি সরবরাহে আরো চারটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। সন্দ্বীপের চেয়ে এসব উপজেলায় আরো বড় আকারের প্রকল্প হাতে নেয়া হয়েছে। বাঁশখালীতে উৎপাদক নলকূপ বসিয়ে, মিরসরাইয়ে মহামায়া লেকের পানি, সাতকানিয়া ও চন্দনাইশে সাঙ্গু নদীর পানি বিশুদ্ধ করে পৌর এলাকায় পানি সরবরাহ করা হবে। চলতি ২০২০-২১ অর্থবছরে এ চার পৌরসভার প্রকল্পগুলোর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। পরবর্তী সময়ে ফটিকছড়ির নাজিরহাট ও মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় অগ্রাধিকার ভিত্তিতে আরো দুটি বিশুদ্ধ পানির প্রকল্প হাতে নেয়ার প্রাথমিক প্রস্তুতি নেয়া হয়েছে।

উল্লেখ্য, বঙ্গোপসাগর উপকূলের জনপদ হওয়ায় সন্দ্বীপে ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা পাওয়া যায়। বন্যা ও জলোচ্ছ্বাস হলে এ এলাকার নলকূপগুলোও অকেজো হয়ে যায়। প্রতিটি বাড়িতে গভীর নলকূপ না থাকায় সেলো নলকূপের কারণে আর্সেনিকের ঝুঁকি থাকে। এ কারণে উপজেলা পর্যায়ে পানি সরবরাহ প্রকল্পের প্রথম কার্যক্রমটি সন্দ্বীপে দেয়া হয়েছে। প্রকল্পের অধীনে পানি সরবরাহ শুরু হলে মানুষ বিশুদ্ধ পানি পাবে। পানিবাহিত যেসব রোগ আছে, সেখান থেকেও রক্ষা পাবে মানুষ।

(এএইচএন/ ০৯ জুলাই ২০২০)


Comment As:

Comment (0)