জামালপুরে বরযাত্রীবাহী নৌকা ডুবিতে কিশোরীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জামালপুরের ইসলামপুরে বরযাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনায় বিদ্যুৎ আক্তার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই গ্রামের আলভী (১০) নামে অপর এক শিশু নিখোঁজ রয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। মৃত বিদ্যুৎ চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা গ্রামের ফলটু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা গ্রামের আলমগীর নৌকা যোগে বিয়ে বিয়ে করতে যায় মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রামে। বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রী নিয়ে নৌকায় বাড়ি ফিরছিল তারা। পথে ইসলামপুর উপজেলার যমুনার শাখা নদীতে আগাড়ী ব্রিজের নিচে রাত ৮টার দিকে বরযাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এসময় বেশিরভাগ বরযাত্রী সাঁতরে তীরে উঠলেও পানিতে ডুবে মারা যায় কিশোরী বিদ্যুৎ আক্তার। পানির তোড়ে ভেসে যায় দশ বছরের শিশু আলভী।
এছাড়াও মজনু (৫৭) ও মাহফুজ (১৬) নামে দুইজনকে উদ্ধার করা হয়েছে। তারা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশু আলভীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নৌকাডুবির ঘটনায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। এক শিশু নিখোঁজ রয়েছে।উদ্ধারকৃত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা শঙ্কামুক্ত রয়েছে।
(এসএইচআর/এসএএম/১৪ জুলাই ২০২০)



