মুন্সীগঞ্জে ছয় অবৈধ পেট্রোল পাম্প সিলগালা, পাঁচটিকে জরিমানা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ছয়টি অবৈধ পেট্রোল পাম্প সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় পাঁচটি পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) অভিযানে, অবৈধ পাম্পগুলো থেকে ২০ হাজার লিটার ডিজেল এবং মেশিনসহ অর্ধকোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলো পরবর্তীতে নিলাম করা হবে।

জানা গেছে, বাসা-বাড়ির ছাদে ব্যবহৃত পানির ট্যাঙ্ককে তেলের ট্যাঙ্কার বানিয়ে সাথে পাম্প মেশিন বসিয়ে বিভিন্ন বাস, ট্রাক ও গাড়িতে অবৈধভাবে ডিজেল বিক্রি হচ্ছিল। লাইসেন্স বিহীন সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ তেলের পাম্প থেকে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা ছিল।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে আরও ৫ জন করোনা পজেটিভ, একজনের মৃত্যু

ভ্রাম্যমাণ আদালতের বিচারক লৌহজংয়ের ইউএনও মো. কাবিরুল ইসলাম খান জনান, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আভিযানে ভাই ভাই এন্টার প্রাইজ, বসুমতি এন্টার প্রাইজ, আক্তার এন্টার প্রাইজ, মেসার্স চুন্নু ট্রেডার্স ও মেসার্স জলির এন্টার প্রাইজ সিলগালা করে দেয়া হয়েছে।

অভিযানে আরও অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মোশারফ হোসেন আখন্দ ও উপপরিচালক আরিফ হোসেন প্রমুখ।

(এএইচএন/এসএএম/ ১৫ জুলাই, ২০২০)


Comment As:

Comment (0)