গ্যাসের দাম না বাড়াতে সরকারকে বিজিএমইএ’র অনুরোধ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দ্বিতীয় ধাপে শিল্পে গ্যাসের দাম না বাড়ানোর জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ।
সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করবো, শিল্পে যাতে গ্যাসের দাম আর না বাড়ানো হয়।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে বিজিএমইএ কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, বর্তমান বিশ্বে পোশাকের চাহিদা ও দাম দুটিই কমেছে। গতবছরে আমাদের প্রবৃদ্ধি ১০ শতাংশেরও বেশি ছিল। এ অবস্থায় গ্যাসের দাম বাড়লে আমাদের উপর আলাদা চাপ পড়বে। শিল্প খাতে গ্যাসের দাম না বাড়াতে সরকারের প্রতি অনুরোধ করেছিলাম। তবু দুই দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার; আগামীকাল থেকে প্রথম দফা কার্যকর হচ্ছে। প্রথমবার বাড়লেও দ্বিতীয় দফায় যেন আর বাড়ানো না হয়- সে অনুরোধ করছি। দাম বাড়লে আমাদের ব্যবসায় ব্যয় বাড়বে। গত ২ বছরেই আমাদের ব্যয় প্রায় ১৭ শতাংশ বেড়েছে।
পোশাক শিল্পের সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক কষ্টের বিনিময়ে আমরা এখানে এসেছি। তাই আমাদের বিরুদ্ধে কোনো নেতিবাচক প্রচারণা চালাবেন না। পারলে সহযোগিতা করুন; আর না পারলে বাঁধা প্রয়োগ করবেন না।
সিদ্দিকুর রহমান বলেন, যারা আমাদের সহযোগিতা করছেন, তারা খারাপ মন্তব্য করেন না। অথচ যারা সহযোগিতা করে না, তারাই আমাদের পোশাক শিল্প নিয়ে খারাপ মন্তব্য করেন। তাদের প্রতি বলবো, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। অন্যের কাজে নাক গলাবেন না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মাদ নাসির, মাহমুদ হাসান খান বাবু প্রমুখ।
(এসএএম/ ২৮ ফেব্রুয়ারি ২০১৭)



