নারায়ণগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১; আহত আরও ৫ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আনোয়ার হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার সকালে উপজেলার উচিতপুরা ইউনিয়নের কাদিরদিয়া পূর্বপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন ওই এলাকার আবেদ আলীর ছেলে এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি আবু জাফরের ভাই।

নিহতের বড় ভাই আলী হোসেন জানান, উচিতপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার হানিফের সঙ্গে তার ভাই স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু জাফরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রাজনৈতিক বিরোধ রয়েছে। এরই জের ধরে গতকাল বুধবার রাতে হানিফ লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। সকালে দ্বিতীয় দফায় ফের হামলা চালায় এবং তার ভাই আনোয়ারসহ বাড়ির অন্য লোকজনকে পিটিয়ে আহত করে। আনোয়ারকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

(এমএ/এসএএম/০৬ আগস্ট ২০২০)


Comment As:

Comment (0)