জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিজিএমইএ’র আলোচনা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, স্বাধীন বাংলাদেশের মহান রুপকার ও স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন করেছে দেশের তৈরি পোশাক উৎপাদন ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ।
সোমবার (১৭ আগষ্ট ২০২০) রাজধানীল উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহন করেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ, সহ-সভাপতি (অর্থ) এম এ রহিম (ফিরোজ), সহ-সভাপতি মোঃ মশিউল আজম (সজল), পরিচালকবৃন্দ ও সাধারন সদস্যগন।
সভায় জাতির পিতার কর্ম ও জীবন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে তার অনন্যসাধারন নেতৃত্ব ও ভূমিকা এবং জনগনের ক্ষমতায়ন, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির বিষয়ে তার বলিষ্ঠ নেতৃত্বদান বিষয়ে আলোচনা হয়।
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, জাতীয় শোক দিবসকে সম্মান জানানোর জন্যই আজকের এই অনুষ্ঠানটি। তিনি বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন–আমরা বাঙালীরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে, সেই ভিশনকে প্রতিষ্ঠিত করতে আমাদেরকে পরিশ্রম করতে হবে। সামাজিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সফল একটি রাষ্ট্রে হিসেবে গড়ে তোলাই ছিলো বঙ্গবন্ধুর স্বপ্ন।
ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ঐদিন ১৫ আগষ্ট যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে রাব্বুল আলামীন যেন জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ বঙ্গবন্ধুর ভিশন ও লিডারশীপ এর কথা বলেন। তিনি বলেন, আমরা যে বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশের নাগরিক হওয়ার গৌরব অর্জন করেছি, এটা বঙ্গবন্ধু আমাদের অর্জন করে দিয়েছেন। আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকেও বলিষ্ঠ লিডারশীপ পাচ্ছি।
বিজিএমইএ’র সহ-সভাপতি মশিউল আজম (সজল) বলেন, বঙ্গবন্ধু না থাকলে আজকে গার্মেন্ট ফ্যাক্টরি হতো না। বঙ্গবন্ধুর জন্যই আমরা অনেক কিছু পেয়েছি।
বিজিএমইএ’র পরিচালক ও সাবেক সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির বলেন, যাঁর জন্ম না হলে বাংলাদেশ হতো না, বিজিএমইএ হতো না, আমাদের এই পোশাক শিল্প হতো না, তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি।
বিজিএমইএ এর পরিচালক মোঃ শহীদুল হক মুকুল বলেন, বঙ্গবন্ধুর জন্ম একদিনে হয়নি। বঙ্গবন্ধুর আদর্শ আমরা ভুলে গিয়েছি।
এছাড়াও বক্তব্য রাখেন বিজিএমইএ’র স্ট্যান্ডিং কমিটি অন ক্রাইসিস ম্যানেজমেন্ট ঢাকা জোন (দক্ষিণ) এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন বিজিএমইএ এর সচিব কমডোর মোহাম্মদ আবদুর রাজ্জাক (অবঃ)।
(শামীম/১৭ আগস্ট ২০২০)



