হিলি চেকপোস্ট পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও ডব্লিউএইচও’র প্রতিনিধিরা
হিলি প্রতিনিধি, বিনিয়োগবার্তা: হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল।
বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগনিয়ন্ত্রণ বিভাগের পরিচালক শাহনীলা ফেরদৌসির নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলটি হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় তাদের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা অফিসের এমপিও ডা. হাসান মহিউদ্দিন, আইএইচআরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আবু নাঈম মোহাম্মদ সোহেল, রোগনিয়ন্ত্রণ শাখার সহকারী পরিচালক ডা. তাহমিনা আকতার, সিডিসি ডা. মুস্তফা মাহমুদ, সিনিয়র অ্যাডভাইজার ডা. নাসির আহমেদ খান উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগনিয়ন্ত্রণ বিভাগের পরিচালক শাহনীলা ফেরদৌসি বলেন, দেশের নৌ, স্থল ও বিমানবন্দরগুলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার বিধান রয়েছে। বিশ্বের ২১০টির বেশি দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। এজন্য বন্দরগুলোর স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বাড়াতে হবে। বাইরে থেকে যারা দেশে আসবে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও সন্দেহজনকদের শুরুতেই আলাদা করার ব্যবস্থা নিতে হবে। আমাদের এখানে মেডিকেল সেন্টার রয়েছে। এটির মাধ্যমে যতটুকু সম্ভব তারা কিন্তু এ কাজটি করছেন। এখন যেহেতু মানুষের চলাচল বন্ধ রয়েছে, শুধু আমদানি-রফতানীকৃত পণ্যবাহী ট্রাকগুলো যাওয়া-আসা করছে, সেগুলো তারা দেখছেন। মানুষের যাতায়াত শুরু হলে এটিকে আরো কার্যকর করতে হবে।
(এসআর/এসএএম/২০ আগস্ট ২০২০)



