পটুয়াখালীর জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ, দামও কম
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কয়েকদিন থেকে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ। জালে বেশি পরিমাণ ইলিশ ধরা পড়ায় দামও কমেছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলার কুয়াকাটার মহিপুর-আলীপুর মৎস্য বন্দরে ২৫০ টাকা কেজিতে ইলিশ বিক্রি হয়েছে।
জেলার সদর উপজেলার পায়রাগঞ্জ এলাকার জেলে আব্দুল কুদ্দুস বলেন, নদীতে আগের চেয়ে ইলিশ বেড়েছে। ইলিশ বেশি ধরা পড়ায় এখন দামও কম। মঙ্গলবার সকালে ৩০০-৪০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২৫০-৩০০ টাকা বিক্রি করেছি।
সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, নিষেধাজ্ঞার সময় না ধরায় ইলিশের উৎপাদন বেড়েছে। এজন্য ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালি ইলিশ। এটিই মৎস্য বিভাগের সফলতা।
রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের ইলিশের আড়তদার মাইনউদ্দিন বলেন, স্থানীয় জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করে ঢাকার মোকামে পাঠাই। মঙ্গলবার সকালে ১১০০-১২০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৮০০ টাকা, এক কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৯০০ টাকা, এক কেজির ইলিশ ৭০০ টাকা, ৩০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২৫০ টাকায় বিক্রি হয়েছে। অভিযান শুরুর আগ পর্যন্ত মাছের দাম বাড়বে না। তবে কম ধরা পড়লে বাড়বে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্লাহ বলেন, নিষেধাজ্ঞা সফল ও জেলেরা সচেতন হওয়ায় ইলিশের উৎপাদন ও আকার বেড়েছে। পাশাপাশি অন্যান্য বছরের তুলনায় এবার মাছ বেশি ধরা পড়ছে। এজন্য দামও কম।
(এমআই/এসএএম/০৮ সেপ্টেম্বর ২০২০)



