অনলাইন উদ্যোক্তারদের মিলনমেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: অনলাইন উদ্যোক্তাদের প্রতিষ্ঠান ই-কমার্স মার্চেন্ডাইজ অ্যালায়েন্স (ইসিএমএ) এর উদ্যোগে সুইট মিট-২০২০ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে হাতিরঝিলের পাশে টোটা গার্ডেন ক্যাফেতে শতাধিক ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণে সামাজিক দূরত্ব বজায় রেখে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ। এছাড়া মিলন মেলায় নতুন উদ্যোক্তাদের শিক্ষামূলক তিনটি সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে প্রধান অতিথি ছিলেন এডিসন লজিস্টিক্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসুদুর রহমান, দ্বিতীয় সেশনে প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন ই-ক্যাবের সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন। এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনলাইন বিজনেস পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। এই সুইটমিট-২০২০ এ সভাপতিত্ব করেন ইসিএমএ’র প্রতিষ্ঠাতা শামীমুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন আহমেদ বলেন, ই-কমার্স সেক্টর ততটা পপুলার না হলেও এই সেক্টরে অনেক সম্ভাবনা রয়েছে। তাই এ সেক্টরকে নিয়ে আরো বড়ভাবে চিন্তা করতে হবে। তা না হলে বড় ধরনের অঘটনও ঘটতে পারে। ই-কমার্সকে অনেক সহজ মনে করলে হবে না। শুধু অনলাইনে একটা পণ্য নিয়ে ব্যবসা শুরু করে দিলাম, তা কিন্তু নয়।
তিনি বলেন, ই-কমার্স ব্যবসায় যারা আসেন তাদের অনেক লস হয়। অনেক বড় বড় প্রতিষ্ঠানও বিভিন্ন সময় লস করে। ই-কমার্সের একটা বড় সম্পদ হচ্ছে ডেটা। তাই এটা সঠিকভাবে ব্যবহার করতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ। একটা কোম্পানির তখনই সফল হবে যখন বেটা সঠিকভাবে ব্যবহার করতে পারবে।
রবির ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলাদেশ সরকার এখনো ই-কমার্সের বেনিফিট কতটা সেটা বুঝতে পারছে না। যে কারণে এই খাতে প্রণোদনা যথেষ্ট না। তিনি বলেন আমাদের সবাইকে এই জায়গাতে কাজ করতে হবে সরকারকে বোঝানোর জন্য যে এই সেক্টরে প্রচুর প্রণোদনা দেয়া দরকার।
মিলন মেলার সমাপনী অনুষ্ঠানে অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান বলেন, ই-কমার্সের সবথেকে বেশি গুরুত্ব দেয়া দরকার আমাদের দেশী পণ্যকে। দেশী পণ্য নিয়ে ব্যবসা করলে শুধু আপনার আমার কর্মসংস্থানের ব্যবস্থা না। এর মধ্য দিয়ে দেশের অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পাশাপাশি আমাদের দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। সেটি আমাদের দেশের অর্থনীতিতে অনেক বড় ধরনের অবদান রাখবে।
তিনি বলেন, দেশীয় পণ্যের ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি, বিদেশি পণ্য মানে ভালো পণ্য। বিদেশি প্রযুক্তি মানেই ভালো প্রযুক্তি। সাদা চামড়া মানেই অনেক সুন্দর। এই মাইন্ডসেটের বিরুদ্ধে আপনাদের লড়াই করতে হবে।
অর্থসূচক সম্পাদক বলেন, এই লড়াইটা খুব সহজ না। বাংলাদেশের উদ্যোক্তা হওয়ার অনেক পেইন। যেহেতু আমিও একজন উদ্যোক্তা। আপনার যে স্বপ্ন প্রতি পদে পদেই মনে হবে স্বপ্ন মনে হয় এখানেই শেষ, আপনি একের পর এক হোঁচট খাচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে এখান থেকেই আপনাকে উঠে দাঁড়াতে হবে। কারণ আপনি যদি পিছিয়ে যান, আপনি যদি শেষ করে দেন তাহলে সব স্বপ্নেরই ইতি ঘটবে। তাই নতুন উদ্যমে যদি শেষ না দেখা পর্যন্ত এগিয়ে যান তাহলে সাফল্য আসবেই।
তিনি নতুন উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার জন্য তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আপনাদের যে অর্থনৈতিক উদ্যোগগুলো আছে। আপনারা যারা ইউনিক কিছু নিয়ে কাজ করছেন। আমি চেষ্টা করব যে উদ্যোক্তারা আছেন তাদের পরিচিতি তাদের পণ্য পরিচিতি আরো কিভাবে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়া যায় অর্থসূচক সে কাজটি করবে। এর মধ্য দিয়ে ভোক্তাদের সাথে আপনাদের আরো একটি সেতুবন্ধন হওয়ার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে ইসিএমএ’র প্রতিষ্ঠাতা শামীমুল ইসলাম বলেন, আমরা গত ১৩ জুন আইসিএমএবি’র ছাত্র-ছাত্রী, সদস্য ও তাদের পরিবারকে সাহায্য – সহায়তা করার জন্য একটি ভার্চুয়াল প্লাটফর্ম ‘ই-কমার্স মার্চেন্ডাইজ অ্যালায়েন্স (ইসিএমএ ) নামে একটি কমিউনিটি গ্রুপ তৈরী করি। যেখানে কেউ উদ্দোক্তা আর অন্যরা ক্রেতা। আর সেই উদ্দোক্তাদের এই সেক্টরে বৈশ্বিক ও বাস্তবজ্ঞান বৃদ্ধির জন্য আমরা নানা ট্রেনিং ও কর্মশালা আয়ােজন করে আসছি।এরই ধারাবাহিকতায় আমরা এই সুইট মিট-২০২০ আয়ােজন করেছি।
(এসআর / ১০ অক্টোবর ২০২০)



