শেষ হলো জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার তিন দিনব্যাপী সম্মেলন
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: শেষ হলো জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার তিন দিনব্যাপী সম্মেলন। চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ তে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ সম্মলনের আয়োজন করে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) ২৯তম এশিয়া ও প্যাসিফিক কমিশন (সিএপি) এবং দক্ষিণ এশিয়া কমিশন (সিএসএ)।
সম্মেলনের সমাপনি দিনে দেওয়া বক্তব্যে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) সেক্রেটারি তালিব রেফাই বলেন, বিশ্বের সামনে আমাদের তিনটি চ্যালেঞ্জ। এর মধ্যে রয়েছে সবার নিরাপত্তা নিশ্চিত করা, দ্বিতীয়ত বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং সর্বশেষ হল বিশ্বে একটি টেকসই উন্নয়ন সাধন করা।
তিনি বলেন, আমরা একটি বাসযোগ্য পৃথিবীতে বসবাস করতে চাই। যেটা হবে ক্ষুধা মুক্ত, সন্ত্রাস মুক্ত। যেখানে মানুষের টেকসই অর্থনীতি ও সমৃদ্ধি বজায় থাকবে। এই সম্মেলনে দুইটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রথমত আগামিতে আমরা একটা সুন্দর ও সমৃদ্ধিশালী বিশ্বে বাস করতে চাই এবং বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধান করে সুন্দর একটি পৃথিবী গড়ে তুলতে চাই।
তালিব রেফাই বলেন, আগামী বছর ২০১৮ সালে এ সম্মেলন এশিয়ার বাইরে ফিজিতে অনুষ্ঠিত হবে এবং ২০১৯ সালে ভারতে অনুষ্ঠিত হবে।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, সম্মেলনে ২০ টি দেশের প্রায় ৩০০ জন সম্মানিত সদস্য অংশ নিয়েছেন।
তিনি বলেন, পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজারে সুয়ারেজ সিস্টেম উন্নয়নের প্রকল্প গ্রহণ করা হয়েছে।যেটার দায়িত্বে রয়েছে চায়না ন্যাশনাল ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন (সিএনটিএ)।
এসময় বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল ( অব.) ফারুক খান, বিশ্ব পর্যটন সংস্থার প্রধান যোগাযোগবিদ সান্দ্রা কারভাউসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এসএএম/ ১৮ মে ২০১৭)



