নরসিংদীতে খাস জমি সনাক্ত ও সীমানা নির্ধারণ শুরু

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় খাস জমি সনাক্তকরণ ও সীমানা নির্ধারণের লক্ষ্যে মাঠে নেমেছে প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২০) নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনা অনুযায়ী এ কাজে নামে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, প্রথম দিন বেলাব উপজেলার পাটুলী, বেলাব ও আমলাব ইউনিয়ন, মনোহরদী উপজেলার লেবুতলা, চালাকচর ও চন্দনবাড়ী ইউনিয়ন এবং পলাশ উপজেলার ডাঙ্গা, চরসিন্দুর ও জিনারদী ইউনিয়নে সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গণের নেতৃত্বে ‘ক’ শ্রেণির – ভূমিহীন ও গৃহহীনদের খাস জমি বরাদ্দ এবং সরকারি খরচে গৃহ নির্মাণের লক্ষ্যে খাস জমি সনাক্তকরণ ও সীমানা নির্ধারণ করা হয়।

এসময় সংশ্লিষ্ট অংশীদারগণ এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নিজেন ফেসবুক পেইজে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, “আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার”। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সদা তৎপর জেলা প্রশাসন, নরসিংদী।

তিনি বলেন, ভূমিহীন ও গৃহহীনদের সহায়তা প্রদানে জেলা প্রশাসন, নরসিংদীর এ কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে।

(এমআই/এসএএম/১১ নভেম্বর ২০২০)


Comment As:

Comment (0)