কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে বাড়ছে শীতের তীব্রতা।

শনিবার (১৯ ডিসেম্বর) দেশের কয়েক অঞ্চলে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। এর মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া বিভাগ বলছে, গতকাল শুক্রবার থেকে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে চলতি শীত মৌসুমে প্রথম মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আগামী কয়েক দিন এই অবস্থা বিরাজ করতে পারে।

জানা গেছে, চলতি শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বইতে শুরু করেছে। আগামী ৪ থেকে ৫ দিন এই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ স্থায়ী হতে পারে।

এদিকে, শনিবার কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই চলতি মৌসুমে এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দেশের কয়েকটি অঞ্চল, বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে চলতি শীত মৌসুমের প্রথম মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তিনি জানান, এ ছাড়াও কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ফরিদপুর ও শ্রীমঙ্গলের ওপর দিয়েও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ৪ থেকে ৫ দিন এই অবস্থা স্থায়ী হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কোথাও কোথাও মধ্যরাত থেকে ঘন কুয়াশাও থাকতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, শনিবার দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

(কেএইচকে / ১৯ ডিসেম্বর ২০২০)


Comment As:

Comment (0)