অবৈধ হ্যান্ডসেট চিহ্নিত করতে এনইআইআর চালু করবে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের বাজারে অবৈধ পথে আসা নকল, ক্লোন বা চুরি করা হ্যান্ডসেটে সয়লাব। রাজধানীসহ দেশের অনেক মার্কেটেই এগুলো পাওয়া যায়। আসল ভেবে অনেক ক্রেতাই এসব হ্যান্ডসেট কিনে ঠকছেন। তবে খুব শিগগিরই সেই দিন শেষ হতে যাচ্ছে।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আওতায় অবৈধ হ্যান্ডসেটগুলো চিহ্নিত করা সহজ হবে।

জানা গেছে, এনইআইআর চালু হলে অবৈধ হ্যান্ডসেট দিয়ে দেশের মোবাইল নেটওয়ার্কে আর যোগাযোগ করা যাবে না। এ সব ফোনে কোনো মোবাইল ফোন অপারেটরের সিম চলবে না।

এক্ষেত্রে হ্যান্ডসেট অবৈধ বা নকল কি না, তা আপনিও দেখতে পারবেন। বিটিআরসিতে সঠিক আইএমইআই যাচাই পদ্ধতি রয়েছে।

যে কেউ মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে ‘KYD’ টাইপ করে স্পেস দিয়ে হ্যান্ডসেটে থাকা ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে সেটি ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আইএমইআই নম্বরটি বিটিআরসির ডাটাবেজে সংরক্ষিত রয়েছে কি না, তা জানানো হবে। যদি বিটিআরসির ডাটাবেজে আইএমইআই নম্বর থাকে, তাহলে বুঝতে হবে আপনার হ্যান্ডসেটটি বৈধ।

সাধারণত আইএমইআই নম্বর নতুন হ্যান্ডসেটের মোড়কেই লেখা থাকে। সেখান থেকে (* # /, .) ইত্যাদি বিশেষ চিহ্ন বাদে কেবল ১৫টি নম্বর নিতে হবে।

আর যদি মোড়কে আইএমইআই নম্বর খুঁজে না পাওয়া যায়, তাহলে ব্যবহার করা হ্যান্ডসেটে (* # ০ ৬ #) ডায়াল করলেই নম্বরটি জানতে পারবেন।

(কেএইচকে / ১৯ ডিসেম্বর ২০২০)


Comment As:

Comment (0)