বঙ্গবন্ধু শিল্পনগরীতে বিনিয়োগ করেছে সামুদা ফুড

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে ওঠা দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে বিনিয়োগে যাচ্ছে টি কে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেড।

জানা গেছে, শুক্রবার (৮ জানুয়ারি) বঙ্গবন্ধু শিল্পনগরে কারখানা স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে সামুদা ফুড।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী শিল্প প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেড এবং টি কে গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেডের বিনিয়োগ প্রস্তাব থেকে জানা যায়, ৬০ একর জমিতে ২০৫ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ভোগ্য পণ্য ও ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করেছে। উল্লিখিত শিল্পে প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রস্তাবিত কারখানায় তিনটি ইউনিট গড়ে তোলা হবে; এডিবল রিফাইনারি, কস্টিক সোডা ইউনিট এবং সিড ক্রাসিং ইউনিট। এডিবল রিফাইনারি অংশে বিভিন্ন ভোগ্য পণ্য, কস্টিক সোডা অংশে র সল্ট, ব্রাইন ক্ল্যারিফায়ার ও ক্লোরাইন ইউনিট ইত্যাদি থাকবে। অপরদিকে সয়াবিন জাতীয় পণ্য সিড ক্রাশিং ইউনিটে প্রস্তুত হবে।

সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা হায়দার বলেন, প্রতিষ্ঠানটি ৬টি শিল্প গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে এবং এর মধ্যে ৪টি শিল্পের কাজ শিগগিরই শুরু হবে।

জানা গেছে, ইতোপূর্বে টি কে গ্রুপের অন্তর্গত প্রতিষ্ঠান মডার্ন সিনটেক্স লিমিটেড বঙ্গবন্ধু শিল্পনগরে ২০ একর জমি লিজ নেয়। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সেখানে শিল্প স্থাপনের কাজ শুরু করেছে। শিল্প স্থাপিত হলে এর মাধ্যমে দৈনিক ৫০০ টন পলিয়েস্টার ফিলামেন্ট ইয়ার্ন, স্ট্যাপল (পিএসএফ) ফাইবার ও পিইটি চিপস উৎপাদন করা সম্ভব হবে। আনুমানিক ১ হাজার ২৬০ কোটি টাকার এ প্রকল্পে হাজারের অধিক লোকের কর্মসংস্থান হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ‘শিল্প স্থাপন করেই বেজা ক্ষান্ত নয়, এ বিশাল আয়তনের শিল্পনগরের জন্য খাতভিত্তিক প্রয়োজনীয় দক্ষ মানবশক্তি গড়ে তোলার লক্ষ্যে বেজা বিভিন্ন প্রশিক্ষণ সংস্থার সাথে নিয়মিত কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শিল্পনগরে চলছে অসম্ভবকে সম্ভব করার এক নিরন্তর সংগ্রাম। শিল্প সৃষ্টিতে প্রয়োজনীয় সকল অবকাঠামো ইতোমধ্যেই ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে। শিগগিরিই বিশ্ব ব্যাংকের প্রাইড প্রকল্পের মাধ্যমে বঙ্গবন্ধু শিল্পনগরে কমিউনিটিভিত্তিক আবাসনের জন্য প্রয়োজনীয় সব স্থাপনা নির্মাণ করা হবে।’

জলবায়ুর পরিবর্তনের নিরিখে সবুজ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য একই প্রকল্পের অধীনে সিইটিপি, ইটিপি, এসটিপি, ডিস্যালাইনেশন প্ল্যান্ট, রেসপন্স সেন্টারসহ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে আধুনিক নগরব্যবস্থা গড়ে তোলার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে বলেও উল্লেখ করেন পবন চৌধুরী।

(এসএএম/১০ জানুয়ারি ২০২১)


Comment As:

Comment (0)