ই-জেনারেশনের আইপিওতে আবেদন শুরু মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ই-জেনারেশন লিমিটেডের আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফিক্সড প্রাইস পদ্ধতিতে কোম্পানির আবেদন গ্রহণ শুরু হবে মঙ্গলবার, ১২ জানুয়ারি যা শেষ হবে সোমবার, ১৮ জানুয়ারি।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রোকারেজ হাউজগুলোতে আইপিওর আবেদন গ্রহণ করা হবে।
কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা তুলবে। এই টাকায় বাণিজ্যিক স্পেস ক্রয়, ঋন পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।
৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) রয়েছে ২০ টাকা ৫৬ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
(ডিএফই/এসএএম/১১ জানুয়ারি, ২০২১)



