বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন আহমেদ জামাল
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে ০৩ (তিন) বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার প্রজ্ঞাপন মোতাবেক তাঁকে এ নিয়োগ দেয়া হয়েছে।
পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির আগামী সভা থেকে তিনি যোগদান করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ।
আহমেদ জামাল ১৯৮৪ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকের চাকরিতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এবং খুলনা, রংপুর ও বগুড়া অফিসে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
(ডিএফই/এসএএম/১৮ জানুয়ারি, ২০২১)



