সেরা করদাতার স্বীকৃতি পেলো সিডিবিএল
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ২০১৯-২০ অর্থবছরে সরকারের কোষাগারে বিপুল পরিমাণ আয়কর প্রদানের স্বীকৃতি হিসেবে সেরা করদাতার অ্যাওয়ার্ড পেয়েছে পুঁজিবাজারে ডিপোজিটরি সেবাদানকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে বিগত বছরের সেরা করদাতা হিসেবে সিডিবিএলসহ ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে ট্যাক্স কার্ড ও সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন, কোম্পানি পর্যায়ে ৫৩টি ও অন্যান্য ক্যাটাগরিতে ১২টি ট্যাক্সকার্ড দেওয়া হয়।
‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী এই ট্যাক্সকার্ড দিয়েছে এনবিআর।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ট্যাক্সকার্ড প্রদান ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং সভাপতি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শুভ্র কান্তি চৌধুরী এফসিএ প্রতিষ্ঠানটির পক্ষে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
উল্লেখ্য, সিডিবিএল দেশে সিডিএস (Central Depository System) পরিচালনাকারী একমাত্র প্রতিষ্ঠান। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সব কোম্পানির ইস্যুকৃত শেয়ার এখানে সংরক্ষিত থাকে। স্টক এক্সচেঞ্জে লেনদেনের পর সিডিবিএলের মাধ্যমে তার চূড়ান্ত নিষ্পত্তি হয়।
(এসএএম/১১ ফেব্রুয়ারি ২০২১)



