রোজায় সিএনজি স্টেশন বিকেল ৫টা- রাত ১১টা পর্যন্ত বন্ধ

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রমজান মাসে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনসি স্টেশন বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।চূড়ান্ত সিদ্ধান্তের পর আগামী ১ জুন থেকে এই পরিকল্পনা কার্যকর হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বৈশাখী ঝড়ে বিভিন্ন অঞ্চলে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র এবং সঞ্চালন লাইনে সমস্যা দেখা দিয়েছে। সে কারণে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে দেশে কোনো লোডশেডিং হচ্ছে না; যেটা হচ্ছে, সেটা বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎকেন্দ্র এবং সঞ্চালন লাইন মেরামতের কাজ শেষ হলে এই বিদ্যুৎ বিভ্রাটও থাকবে না।

বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে তারাবীহ’র নামাজের সময় দেশের সব মার্কেট ও শপিং মল বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৫ হাজার মেগাওয়াট হলেও গতকাল বুধবার ৮ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল বলে পিডিবি সূত্রে জানা গেছে। গতকাল পিডিবি থেকে বিদ্যুতের চাহিদা ছিল সর্বোচ্চ ৯ হাজার ৭০০ মেগাওয়াট।

 

(ইউএম/ ২৫ মে ২০১৭)


Comment As:

Comment (0)