করোনকালীন কার্যক্রম নিয়ে বাংলাদেশ ব্যাংকের ‘বুকলেট’
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: করোনা মহামারীকালীন দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন ধরণের প্রণোদনার ব্যবস্থা করেছে সরকার । সরকারের এ নানামুখী প্রণোদনার বাস্তবায়নে অগ্রিম ভুমিকায় ছিল বাংলাদেশ ব্যাংক।
করোনাকালীন সেসব কার্যক্রমের তথ্য-উপাত্ত নিয়ে একটি বুকলেট করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রিয় ব্যাংকের চিফ ইকোনোমিস্ট ইউনিট কর্তৃক প্রণীত এই বুকলেটটির মোড়ক উন্মেচন করেন গভর্নর ফজলে কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান ও এ.কে. এম সাজেদুর রহমান খান।
অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির বক্তব্যের শুরুতে করোনা মহামারীতে বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির চাকা সচল রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক তার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছে।
ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের নীতি-কৌশল সম্পর্কিত সার্কুলার জারি, সীমিত আকারে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত, প্রণোদনা প্যাকেজের দ্রুত বাস্তবায়নের তাগিদ, ব্যাংক কর্মকর্তা/কর্মচারীদের জন্য বিশেষ ভাতার সিদ্ধান্ত গ্রহণ ছিল কেন্দ্রীয় ব্যাংকের অসাধারণ উদ্যোগ, যা দেশের আর্থিক খাতকে সচল রেখেছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এজন্য তিনি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগসমূহের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান। করোনা মহামারী সময়ের বিভিন্ন কার্যক্রমের তথ্য সম্বলিত একটি চমৎকার পুস্তিকা প্রণয়ন করার জন্য তিনি চিফ ইকোনোমিস্টস ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান।
নির্বাহী পরিচালক (গবেষণা) ও চিফ ইকোনোমিস্টস্ ইউনিটের নির্বাহী পরিচালক ড. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ডেপুটি গভর্নর মহোদয়গণও মুল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে করোনাকালীন বিশেষ ভূমিকা পালনকারী বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগসমূহের নির্বাহী পরিচালকগণ, মহাব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসএএম/২৮ ফেব্রুয়ারি ২০২১)



