আহসানুল আলমসহ ইসলামী ব্যাংকের দুই স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: শেষ পর্যন্ত সরেই যেতে হলো ইসলামী ব্যাংকের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক সৈয়দ আহসানুল আলম পারভেজ। ব্যাংকটির পরিচালনা পর্ষদে চলমান অন্তর্কলহের মুখে গতকাল বৃহস্পতিবার তিনি পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন। এর মাত্র দুদিন আগে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।
মঙ্গলবার ব্যাংকটির আরও একজন স্বতন্ত্র পরিচালক আব্দুল মাবুদ পর্ষদ থেকে পদত্যাগ করেন। দু’দিন আগে তাকেও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
গত সপ্তাহে আহসানুল আলম পারভেজ ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করেছিলেন, তাকে ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে সরে যেতে চাপ দেওয়া হচ্ছে। ব্যাংকটির ভেতর ষড়যন্ত্রের খেলা শুরু হয়েছে। তার এই স্ট্যাটাস ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার প্রেক্ষিতে এক জরুরী সংবাদ সম্মেলন ডেকে, ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান দাবি করেন, আহসানুল আলমকে সরে যেতে কোনো চাপ দেওয়া হচ্ছে না। তবে চাইলে তিনি নিজে থেকে সরে যেতে পারেন। এর পাল্টা জবাব দেন আহসানুল আলম। তিনি হুমকী দেন তাকে পদত্যাগে বাধ্য করা হলে আরও ৬ জন স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করবেন।
এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গত মঙ্গলবার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় আহসানুল আলমকে ভাইস-চেয়ারম্যান পদ থেকে এবং আব্দুল মাবুদকে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আহসানুল আলম ও আব্দুল মাবুদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পর্ষদ থেকে পদত্যাগ করেন।
(এসএএম/ ২৬ মে ২০১৭)



