হিলিতে পূণরায় আমদানি-রফতানি শুরু
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, হিলি: পণ্য খালাস সম্পন্ন করা ভারতীয় খালি ট্রাক সে দেশে প্রবেশ করতে না পারায় গতকাল হিলি স্থলবন্দরে প্রায় সাড়ে ৪ ঘণ্টা আমদানি-রফতানি বন্ধ ছিল। দীর্ঘক্ষণ বন্দরের প্রধান সড়কে ভারতীয় খালি ট্রাকগুলো দাঁড়িয়ে থাকায় তীব্র যানজট তৈরি হয়। তবে দুপুর ১২টার দিকে ভারতীয় কর্তৃপক্ষ খালি ট্রাক প্রবেশের অনুমতি দিলে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়।
বন্দর সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সে দেশে খালি ট্রাক প্রবেশে বাধা দেয়ায় আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, প্রতিদিন সীমান্তের শূন্যরেখায় ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে ফেরত যাওয়া খালি ট্রাকগুলোয় জীবাণুনাশক স্প্রে করে। কিন্তু সোমবার স্প্রে না করায় বিএসএফ খালি ট্রাকগুলো প্রবেশে বাধা দেয়। বন্দরের প্রধান সড়কে ট্রাকগুলো দাঁড়িয়ে থাকার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে দুপুর ১২টার দিকে ট্রাকগুলো ভারতে প্রবেশের অনুমতি পেলে দুপুর থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়।
(এনআই/এসএএম/১৬ মার্চ ২০২১)



