কোভিড-১৯ প্রতিরোধে নরসিংদী জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ইউনিয়নভিত্তিক কর্মকৌশল বাস্তবায়ন, চিকিৎসা ও ত্রাণ ব্যবস্থাপনা, সামাজিক ব্যাধি প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জনপ্রতিনিধি ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছে নরসিংদী জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮ মে ২০২১) অনুষ্ঠিত উক্ত ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে প্রত্যন্ত অঞ্চলসহ জেলার সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সামাজিক ব্যাধি প্রতিরোধে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

এসময় তিনি সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও মানবিক সহায়তা খাতে প্রাপ্ত বিভিন্ন বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ ও করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে গৃহীত ইউনিয়নভিত্তিক কর্মকৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

ভিডিও কনফারেন্সে বিভিন্ন উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এসকে/এসএএম/১৮ মে ২০২১)


Comment As:

Comment (0)