নোয়াখালীতে সাত দিনের কঠোর লকডাউন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নোয়াখালী: গত কয়েকদিনে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার ছয়টি ইউনিয়নে কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শুক্রবার বিকালে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি এবং জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান, নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়াসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

বৈঠকে জেলা প্রশাসক জানান, গত এক সপ্তাহে জেলায় নতুন সংক্রমণ হয়েছে ৫৮৯ জন। এর মধ্যে মারা গেছেন চারজন। প্রতিদিন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী পৌরসভা, সদর উপজেলার নোয়ান্নই, বিনোদপুর, কাদির হানিফ, নেয়াজপুর, অশ্বদিয়া ও নোয়াখালী ইউনিয়নে আজ ভোর ৬টা থেকে ১১ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন ঘোষণার পর গতকাল সন্ধ্যায় নোয়াখালী পৌর শহরসহ ইউনিয়নগুলোতে তথ্য অফিস থেকে মাইকিং করা হয়।

(এসকে/এসএএম/০৫ জুন ২০২১)


Comment As:

Comment (0)