কুষ্টিয়া সুগার মিল থেকে ৫৩ টন চিনি গায়েব

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে ৫৩ টন চিনি গায়েব হয়ে গেছে। এ ঘটনায় স্টোরকিপারকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (০৫ জুন) কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমান খান গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার ঘটনা টের পাওয়ার পর গুদামে চিনির মজুত মিলালে ৫৩ টন চিনি কম পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা।

এ ঘটনায় গুদামের স্টোরকিপার ফরিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) কল্যাণ কুমার দেবদাসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান কল্যাণ কুমার দেবদাস বলেন, কীভাবে চিনি সরানো হলো এবং এর সঙ্গে কারা কারা জড়িত তা বের করতে এরই মধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি।

(ডিএফই/০৬ জুন, ২০২১)


Comment As:

Comment (0)