কুষ্টিয়ায় স্ত্রী ও যুবকের সঙ্গে নিজের শিশুসন্তানকেও গুলি করে মারলেন এএসআই
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কুষ্টিয়া শহরে প্রকাশ্যে তিনজনকে গুলি করে হত্যা করেছেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। নিহতদের মধ্যে পরিবারের দুই সদস্য রয়েছেন। ঘাতক ওই এএসআইয়ের নাম সৌমেন রায়।
নিহতরা হলেন- সৌমেনের স্ত্রী আসমা (২৫), তাদের ছেলে রবিন (৫) এবং শাকিল (২৮) নামে এক যুবক।
এ ঘটনায় সৌমেন রায়কে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ জুন) বেলা ১১টার দিকে শহরের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার পদে (ডিএসও) চাকরি করতেন। জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শাওতা গ্রামের মেসবাহ আলীর ছেলে তিনি। আসমার বাড়িও একই উপজেলায়।
আর সৌমেন রায় খুলনার ফুলতলা থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কাস্টমস মোড়ে তিনতলা একটি ভবনের সামনে আসমা তার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। পাশে শাকিলও ছিলেন। হঠাৎ সেখানে গিয়ে সৌমেন প্রথমে আসমার মাথায় গুলি করেন। এরপর তিনি আসমার পাশে থাকা শাকিলের মাথায় গুলি করেন। ভয়ে শিশু রবিন দৌড়ে পালাতে গেলে তাকেও ধরে মাথায় গুলি করা হয়। আশপাশের লোকজন গুলি করা ব্যক্তিকে ধরতে গেলে তিনি দৌড়ে তিনতলা ভবনের ভেতরে ঢুকে পড়েন।
এরপর লোকজন জড়ো হয়ে ওই ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জরুরি বিভাগের চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন। পরে অস্ত্রোপচার কক্ষে গুলিবিদ্ধ শাকিল ও শিশু রবিনের মৃত্যু হয়।
এদিকে শাকিলের সঙ্গে আসমার অনৈতিক সম্পর্ক ছিল বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে। সূত্রটি বলছে, অনৈতিক এ সম্পর্কের কথা জেনে যাওয়ায় সৌমেন এ হত্যাকাণ্ড ঘটান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, আসমাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। বাকি দু’জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসমার মা হাসিনা খাতুন বলেন, রোববার সকালে স্ত্রী-সন্তানকে খুলনায় নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সৌমেন। পরে এই হত্যাকাণ্ডের কথা জানতে পারেন তারা। তার মেয়ের সঙ্গে শাকিল ফোনে কথা বলতেন বলেও জানান তিনি।
(এসকে/এসএএম/১৩ জুন ২০২১)



