বাউফলে ভোটকেন্দ্রে গোলাগুলি-বোমা বিস্ফোরণ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে দৃজনের অবস্থা গুরুতর।

সোমবার (২১ জুন) সকাল পৌনে ৯টার দিকে কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে নৌকা মার্কার পক্ষে কর্মী-সমর্থকরা কেন্দ্রদখলের সময় চশমা মার্কার এজেন্টসহ কয়েক কর্মী-সমর্থক বাধা দেন। এদিকে নৌকার কর্মী-সমর্থকরা তাদের এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। এ সময় তিন রাউন্ড গুলি ও কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন লাভলুর ১০ কর্মী-সমর্থক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত রাশমোন দাশ (৪০) ও আতাউর রাব্বিকে (৩০) প্রথমে বাউফল হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার কারণে কিছু সময় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছিল। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রিয়াজুল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ ছাড়া কনকদিয়া ইউনিয়নের বীরপাশা ও গাবতলী সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকার পক্ষে সিল দেওয়ার খবর পাওয়া গেছে।

(টিএবি/এসএএম/২১ জুন ২০২১)


Comment As:

Comment (0)