আর্থিক প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি নিশ্চিতের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আর্থিক প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহের সাইবার সিকিউরিটি মনিটরিংয়ের উদ্দেশ্যে প্রত্যেক প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট টিম থাকতে হবে। সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট টিমকে আইসিটি সিকিউরিটি এবং সিস্টেমের ব্যাকআপ সংক্রান্ত প্রতিষ্ঠানের সামগ্রিক অবস্থা নিয়মিত পরিচালনা পর্যদের সভায় উপস্থাপন করতে হবে।
এতে বলা হয়েছে, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ন্যূনতম প্রতি কর্মদিবস শেষে সামগ্রিক লেজার, ডাটাবেজ এবং ব্যাকআপ সংগ্রহ করে গাইডলাইনস অনুযায়ী তা যথাযথভাবে সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে হবে।
এছাড়া সর্বোপরি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আইটি ঝুঁকিসমূহ কার্যকর ও ফলপ্রসূভাবে মোকাবিলা করার লক্ষ্যে ২০০৫ সালে প্রবর্তিত ও পরবর্তীতে ২০১০ এবং ২০১৫ সালে সংশোধিত ‘গাইডলাইনস অন আইসিটি সিকিউরিটি ফর ব্যাংকস অ্যান্ড নন-ব্যাংক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন’-এর পরিপালন প্রত্যেক অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে হবে।
(এসএএম/২২ জুন ২০২১)



