ডিএসই’র সমন্বিত অনলাইন ডেটা প্লাটফর্ম উদ্বোধন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ‘ডিজিটাল সাবমিশন অ্যান্ড ডেসিমিনেশন প্লাটফর্ম অব ডিএসই’ শীর্ষক একটি সমন্বিত অনলাইন ডেটা প্লাটফর্ম তৈরি করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)।

 

আগামীকাল (০৮ জুলাই) বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সফটওয়্যারটির উদ্বোধন করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

 

ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, ‘ডিজিটাল বাংলাদেশ’ দর্শনের সাথে সঙ্গতি রেখে তালিকাভুক্তি এবং এর বিভিন্ন প্রয়োজনীয় কমপ্লায়েন্সের জন্য একটি সমন্বিত অনলাইন ডেটা সংগ্রহ, তথ্য জমা ও প্রচারের জন্য প্লাটফর্ম তৈরী করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। এ ধরনের একটি প্লাটফর্ম দেশের পুঁজিবাজারের জন্য একটি বড় পদক্ষেপ। এই ইনফরমেশনগুলো অনলাইন সাবমিশনের মাধ্যমে দেশের পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। নতুন এই সফটওয়্যারটি ডিএসই’র নিজস্ব দক্ষ কর্মীবাহিনী তৈরি করেছে। যা বিদেশী নির্ভরতা কমানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসই’র ডিজিটাল সাবমিশন অ্যান্ড ডেসিমিশন প্লাটফর্ম একটি স্বপ্ন ছিল। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ডিএসই’র দক্ষ কর্মী বাহিনী অক্লান্ত পরিশ্রম করেছে। এই সফটওয়্যারের মাধ্যমে ডেটা ইনপুট ও সাবমিশন অতি সহজে ও কম সময়ে করা যাবে।

 

(এসএএম/০৭ জুলাই ২০২১)


Comment As:

Comment (0)