বেনাপোল বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোল বাজারের চুড়িপট্টিতে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় মূহুর্তের মধ্যে ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ১৭ জুলাই শনিবার ভোর ৬ টার সময় বেনাপোল বাজারের চুড়িপট্রিতে এ ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ অগ্নিকান্ডের খবর শুনে শার্শা উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর ৬ টার সময় বেনাপোল বাজারের চুড়িপট্টির মধ্যে একটি দোকান থেকে ধোয়া বের হতে দেখা যায়। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বেনাপোল বাজারের চুড়িপট্টির কসমেটিকস এর দোকানদার আব্দুর রহিম জানান, ভোরে চুড়িপট্টিতে আগুন লাগার ঘটনা শুনে এসে ছিলেন। এসে দেখেন তার চারটি কসমেটিকসের দোকান মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে কোনো প্রকার মালামাল সরিয়ে নিতে পারেনি তারা। তিনি আরো জানান, তার চারটি কসমেটিকসের দোকানে প্রায় ৪৫ লক্ষ টাকার মালামাল ছিলো। এ সময় নগদ আড়াই লক্ষ টাকা ছিলো মালামাল কেনার জন্য কিন্তু সে টাকাও পুড়ে ছাই হয়ে গেছে।
বেনাপোল ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ রতন কুমার জানান, আগুন লাগার ঘটনা শুনে তারা দ্রুত ঘটনা স্থলে এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটা তদন্ত না করে বলা যাচ্ছে না। তবে প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে আগুনের সূত্র পাত বৈদ্যুতিক সট্ সার্কিটের মাধ্যমে হয়েছে। এ আগুনে ১০ টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে চারটি দোকান একে বারে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় বেনাপোল বাজারে সাধারন ব্যবসায়ীদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। কারন দীর্ঘ দিন লকডাউনের পর সামনে ইদের বাজার সামনে রেখে মার্কেটে আগুন এর ঘটনাটি ব্যবসায়ীদের ভাবিয়ে তুলেছে।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, আগুন লাগার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুনে ব্যবসায়ীদের কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।
(ডিএফই/১৮ জুলাই, ২০২১)



