বিপুল পরিমাণ মাদকসহ নায়িকা পরীমণি আটক

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিপুল পরিমাণ মাদকসহ ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

বুধবার (০৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়। এর আগে বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান শুরু করেন র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা।

র‌্যাবের গোয়েন্দা দলের একজন শীর্ষ কর্মকর্তা জানান, পরীমণির বাসায় বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে, তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে র‌্যাবের সদরদফতরে নিয়ে যাওয়া হবে। সেখানে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের ব্রিফ করবে র‌্যাব।

এর আগে র‌্যাবের অভিযান দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমণি। তিনি লাইভে অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন।

পরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়েছে।’

 

(এসএএম/০৪ আগস্ট ২০২১)


Comment As:

Comment (0)