নড়াইলে খানাখন্দের গ্রামীণ সড়কে সীমাহীন দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নড়াইল: নড়াইলের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনস্থ (এলজিইডি) কাঁচা সড়কগুলোর বেশির ভাগই খানাখন্দে ভরে গেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় এসব সড়কে। বছরের পর বছর সংস্কারবিহীন এসব সড়ক দিয়ে হেলেদুলে ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। ফলে অভ্যন্তরীণ সড়কে চলতে গিয়ে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয় এ জেলার মানুষের।

জেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, এলজিইডির অধীনে নড়াইলে মোট ২ হাজার ৯২২ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ১ হাজার ৯২৭ কিলোমিটার সড়কই কাঁচা। জেলার অভ্যন্তরে বিভিন্ন সময়ে ৯৯৪ কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, পাকা সড়কের মধ্যে কয়েকটি বাদে অধিকাংশই বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাকা সড়কের মধ্যে অধিকাংশ সড়কেই দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না। ফলে ঝুঁকি নিয়ে যানবাহন চলতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সরেজমিনে নড়াইল সদর উপজেলার তুলারামপুর-শেখহাটি, দত্তপাড়া-চালিতাতলা, লোহাগড়া উপজেলার নলদী-লাহুড়িয়া, মল্লিকপুর-ইতনা এবং কালিয়া উপজেলার কয়েকটি সড়কে ঘুরে দেখা গেছে, এসব রাস্তার অধিকাংশ স্থানে পিচ ও খোয়া উঠে ছোটবড় গর্ত তৈরি হয়েছে। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে এ অংশ একাকার হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির মৌসমে বেশির ভাগ সড়কে হাঁটু সমান কাদা হয়ে যায়। বছরে ছয় মাসেরও বেশি সময় এসব রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। এমনকি হেঁটেও চলাচল করা যায় না। এ সময় কৃষকরা উৎপাদিত ফসল ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে পারেন না। যানবাহন চলতে না পারায় ফসল হাটবাজারে নিতে পারেন না। এতে কৃষকরা ফসলের ন্যায্যমূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সড়কগুলোর উন্নয়ন হলে কৃষকরা যেমন সুফল পাবেন তেমনি এলাকার জীবনযাত্রার মানেও আসবে ব্যাপক পরিবর্তন।

নড়াইল সদর উপজেলার জয়পুর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন জানান, তার ইউনিয়নের বেশির ভাগ রাস্তাই বেহাল। দ্রুত এসব রাস্তা চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি।

জানতে চাইলে নড়াইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সুয়াজেত হোসেন জানান, জেলায় যে বরাদ্দ পাওয়া যায়, তা দিয়ে সড়কগুলোর গুরুত্ব অনুযায়ী কাজ করা হয়। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্ত্তুজার আন্তরিক চেষ্টায় নড়াইল উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নড়াইলবাসীর চাহিদা অনুযায়ী সড়কগুলো পাকা করা হবে।

(এসকে/এসএএম/০৮ আগস্ট ২০২১)


Comment As:

Comment (0)