বাজেটে বীমা খাতের উন্নয়নে কোনো দিক নিদের্শনা না থাকায় হতাশ বীমা কোম্পানীগুলো

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২০১৭-২০১৮ অর্থ বৎসরের জন্য ঘোষিত ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেটে দেশের বীমা খাতের উন্নয়নে কোনো দিক নিদের্শনা না থাকায় হতাশা গ্রস্থ ও উদ্বিগ্ন বীমা কোম্পানীগুলো।

বাজেট প্রতিক্রিয়া নিয়ে বীমা কোম্পানীগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হতাশা প্রকাশ করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বিআইএর একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রী এবং এনবিআর এর নিকট বারবার লিখিতভাবে আবেদন করেছে। বাজেট ঘোষণার পূর্বেও অর্থমন্ত্রীর সাথে বিআইএ এর প্রতিনিধিবৃন্দ সাক্ষাৎ করে বীমা গ্রহিতার বীমা মেয়াদ শেষে বোনাসের উপর ৫% গেইন ট্যাক্স, এজেন্ট কমিশনের উপর ১৫% ভ্যাট, লাইসেন্স নবায়ন ফি এর উপর ১৫% ভ্যাট, এজেন্ট কমিশনের ৫% উপর উৎস কর রহিত করন, বীমা কোম্পানীর কর্পোরেট ট্যাক্স হ্রাস করন, ইত্যাদি বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আবেদন করা হয়েছে।

কতিপয় বিষয়ে অর্থাৎ বীমা ব্যবসায়ের লাইসেন্স নবায়ন এবং নবায়ন ফি রহিতকরন, স্বাস্থ্যবীমাকে করমুক্ত করন, কর্পোরট ট্যাক্স হ্রাস করনের জন্য তিনি মৌখিক ভাবে আশ্বাস দিলেও সেগুলোর বিষয়ে বাজেটে কোন প্রতিফলন ঘটেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের বীমা খাতের আইনি ও প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে বীমা কর্পোরেশন গঠনের কাজ চলমান রয়েছে। এ উদ্যোগের জন্য অর্থমন্ত্রীকে সাধুবাদ জানাই। আইন সংস্কার করে ট্যাক্স হ্রাস না করে বীমা খাতের কোন উন্নয়ন সম্ভব নয় বলে বিআইএ মনে করে। বাজেট নিয়ে মহান জাতীয় সংসদে প্রচুর আলোচনা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে, প্রস্তাবিত বাজেটে কোন ধরণের সমস্যা থাকলে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। কাজেই বিআইএ মনে করে যে, বীমা শিল্পের উন্নয়ন কল্পে ও প্রসারতা বৃদ্ধির লক্ষ্যে অর্থমন্ত্রী সদয় দৃষ্টি দিবেন এবং এ খাতকে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখার সুযোগ প্রদানে সহযোগিতার হাত প্রসারিত করবেন।

(শামীম/ ০৭ জুন ২০১৭)


Comment As:

Comment (0)