খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান
অষ্টম ও নবম শ্রেণীর ক্লাস সপ্তাহে দুদিন
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তাঃ মহামারীর মধ্যে স্কুল খোলার পর এক সপ্তাহ পেরিয়েছে। এ সময় অষ্টম ও নবম শ্রেণীর ক্লাস চলেছে সপ্তাহে একদিন করে। তবে এখন থেকে এ দুই শ্রেণীর ক্লাস সপ্তাহে আরো একদিন করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, এখন থেকে অষ্টম ও নবম শ্রেণীর ক্লাস সপ্তাহে একদিনের পরিবর্তে দুদিন করে হবে।
অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অষ্টম শ্রেণীর ক্লাস হবে প্রতি রবি ও বৃহস্পতিবার। আর শনিবার ও বুধবার হবে নবম শ্রেণীর ক্লাস। এছাড়া আগের মতোই মঙ্গলবার ষষ্ঠ শ্রেণী ও সোমবার সপ্তম শ্রেণীর ক্লাস হবে। দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস আগের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয়দিনই হবে।
২০ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক স্তরের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম নতুন সূচি অনুযায়ী পরিচালনার জন্য আদেশে জানানো হয়। করোনা মহামারীর কারণে দেড় বছর বন্ধ থাকার পর গত রোববার থেকে স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার। শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্লাসরুমে প্রাণ ফিরে এসেছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে সব শ্রেণীর শিক্ষার্থীদের একসঙ্গে ক্লাসে না ফিরিয়ে একেক দিন একেক শ্রেণীর ক্লাস নেয়া হচ্ছে আলাদা সময়ে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করতে হবে। আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর (নিম্ন মাধ্যমিক) কার্যক্রম মাধ্যমিকের (ষষ্ঠ থেকে নবম) সঙ্গে মিল রেখে পরিচালনা করতে হবে।
বিনিয়োগবার্তা/এসএএম//



