কুমিল্লা-৭ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তাঃ কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
সোমবার সকালে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।
এরআগে গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) অন্য দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার এবং আরেকজনের মনোনয়নপত্র বাতিল হলে আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপালের বিজয় নিশ্চিত হয়ে যায়।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও সে সময় দলীয় মনোনয়ন পান অধ্যাপক আলী আশরাফ। তিনি গত ৩০ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়।
নিয়ম অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হয়। আর সোমবার গণবিজ্ঞপ্তি জারি করে একমাত্র প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হল।
চিকিৎসক প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। চিকিৎসা সেবার জন্য তিনি ভূষিত হয়েছেন স্বাধীনতা পুরস্কারে, প্রধানমন্ত্রীর চিকিৎসক হিসেবে বেশ পরিচিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম



