১১ মাসে তৈরি পোশাক রপ্তানিতে আয় বেড়েছে ২ দশমিক ১৬ শতাংশ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১১ মাস অর্থাৎ জুলাই-মে মেয়াদে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২ হাজার ৫৬২ কোটি ৪৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার; যা এই সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রার তুলনায় ৬ দশমিক ৪৩ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার এ খাতের পণ্য রপ্তানি আয় ২ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।
চলতি জুন মাসে প্রকাশিত বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।
ইপিবির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১১ মাসে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছে ১ হাজার ২৫০ কোটি ৪ লাখ ৯৪ হাজার মার্কিন ডলার। একই সময়ে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছে ১ হাজার ৩১১ কোটি ৯৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
এতে আরও জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৩৩৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ওই বছরের ১১ মাসে আয় হয়েছিল ১ হাজার ১৯২ কোটি ২ লাখ মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে আলোচ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪১৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে নিটওয়্যার পণ্যে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৭৭ কোটি ২৪ লাখ মার্কিন ডলার। আলোচ্য সময়ের মধ্যে এই খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ১ হাজার ২৫০ কোটি ৪৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ০৯ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় ৪ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৪৭৩ কোটি ৮৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ওই অর্থবছরের প্রথম ১১ মাসে আয় হয়েছিল ১ হাজার ৩১১ কোটি ৯৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে আলোচ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬২১ কোটি মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই-মে মেয়াদে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ১ হাজার ৩১১ কোটি ৯৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ দশমিক ২১ শতাংশ কম। একই সঙ্গে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় ০ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
(এসএএম/ ১০ জুন ২০১৭)



