ডিসিসিআই

ঢাকা চেম্বারের সভাপতির সাথে বাংলাদেশস্থ জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের অটোমোটিভ খাতে জাপানী বিনিয়োগ আহ্বান

বাংলাদেশের অটোমোটিভ খাত জাপানী বিনিয়োগের আহ্বান জানিয়েছে দেশের ব্যবসায়িদের অন্যতম বৃহৎ সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

রোববার (১০ অক্টোবর, ২০২১) ডিসিসিআই’র সভাপতি রিজওয়ান রাহমান-এর সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নায়োকি সৌজন্য সাক্ষাৎ করেন।

ঢাকা চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সাক্ষাৎকার অনুষ্ঠানে ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, এফসিএস, এফসিএ, সহ-সভাপতি মনোয়ার হোসেন এবং জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি শিরাহাতা কাসুমি উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশের মানুষকে করোনা মহামারীতে সুরক্ষার জন্য জাপানের পক্ষ হতে ভ্যাকসিন প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি জানান, ২০১৯-২০২০ অর্থবছরে দুদেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২৯২১.৮ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে আমদানি ও রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ১৭২০.৭০ এবং ১২০০.৭৮ মিলিয়ন মার্কিন ডলার। তিনি উল্লেখ করেন, করোনা মহামারীর কারণে বৈশি^ক অর্থনীতিতে মন্দাভাব পরিলক্ষিত হওয়ার কারণে ২০২০-২১ অর্থবছরে জাপানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ১১৮৩.৬৪ মিলিয়ন মার্কিন ডলার, যা কিনা পূর্ববর্তী বছরের তুলনায় কিছুটা কম, তবে আশা প্রকাশ করেন সামনের দিনগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য আরো সম্প্রসারিত হবে।

তিনি জানান, বর্তমানে ৩২১টি জাপানীজ কোম্পানী বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালিত করছে এবং চলতি বছরের মার্চ পর্যন্ত বাংলাদেশে জাপানের বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৯৭.১৫ মিলিয়ন মার্কিন ডলার।

ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ তৈরি পোষাক খাতের পণ্যই বেশি হারে জাপানে রপ্তানি করে থাকে, তবে জাপানে বাংলাদেশের অন্যান্য পণ্য রপ্তানিতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। বিশেষকরে মানব সম্পদের দক্ষতা উন্নয়ন, পণ্য উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক যন্ত্রপাতি ও তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়াতে জাপানকে এগিয়ে আসার আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

ঢাকা চেম্বারের সভাপতি বলেন, ডিসিসিআই ও বাণিজ্য মন্ত্রণালয় আগামী ২৬ অক্টোবর, ২০২১ তারিখ হতে সাতদিন ব্যাপী ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেষ্টমেন্ট সামিট আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে আয়োজিতব্য বিটুবি ম্যাচ-মেকিং-এ ৫টি জাপানী কোম্পানী অংগ্রহণ করবে এবং আশা প্রকাশ করেন এর মাধ্যমে সামনের দিনগুলোতে জাপানীজ বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

বাংলাদেশের অটোমোটিভ খাত জাপানী বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় উল্লেখ করে ডিসিসিআই সভাপতি এখাতে বিনিয়োগে এগিয়ে আসার জাপানের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।       

জাপানের রাষ্ট্রদূত ইতো নায়োকি বলেন, করোনা মহামারীতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ইতিবাচক গতিধারা সারা পৃথিবীতে বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী অবস্থান তুলে ধরেছে এবং করোনা ভ্যাকসিন প্রদানে জাপানের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

রাষ্ট্রদূত বলেন, আগামী বছরের শেষ নাগাদ ঢাকার অদূরে আড়াইহাজারে ‘জাপান অর্থনৈতিক অঞ্চলস্থাপনের কাজ শেষ হলে জাপানী বিনিয়োগ উল্লেখজনক হারে বৃদ্ধি পাবে, পাশাপাশি বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নের চলমান কার্যক্রম সম্পন্ন হলে সার্বিকভাবে বাংলাদেশ বৈদেশিক বিনিয়োগ আকর্ষনে সক্ষম হবে।

তিনি জানান, জাপান ভিত্তিক মটর কোম্পানী মিতসুবিশি সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে তাদের সম্ভ্যাবতা জরিপ কার্যক্রম সম্পন্ন করেছে এবং আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানটি বাংলাদেশে নিজেদের কারখানা স্থাপনে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবে। আরো বেশি হারে বৈদেশিক বিনিয়োগ আকর্ষন এবং বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে তিনি বিশেষকরে কাস্টমস ক্লিয়ারেন্স, পণ্য আমদানি-রপ্তানি প্রক্রিয়ার সহজীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ইপিজেড ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ দ্রুততর সময়ে সম্পন্ন করার উপর জোরারোপ করেন।

রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের অধিকতর সম্প্রসারণে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার প্রস্তাব করেন এবং এলক্ষ্যে ঢাকা চেম্বার ও বাংলাদেশস্থ জাপান দূতাবাস একযোগে কাজ করার আহ্বান জানান।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)