বাংলাদেশ-কানাডা যৌথ ওয়ার্কিং গ্রুপ

এফবিসিসিআই সভাপতির সঙ্গে সাক্ষাতকালে কানাডার হাই কমিশনার

নভেম্বরের মধ্যে বাংলাদেশ-কানাডা যৌথ ওয়ার্কিং গ্রুপ চালু

বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ২০১৭ সালে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ করতে সম্মত হয় দুই দেশের সরকার। এ লক্ষ্যে একটি টার্মস অব রেফারেন্সও তৈরি হয়েছে। কিন্তু এখনো তা বাস্তব রূপ লাভ করেনি। আসন্ন নভেম্বর মাসের মধ্যে সেই যৌথ ওয়ার্কিং গ্রুপ চালু করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনোই প্রেফনটেইন।

 

বৃহষ্পতিবার দুপুরে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন হাই কমিশনার বেনোই প্রফনটেইন।

 

তিনি জানান, এরইমধ্যে কানাডার পক্ষ থেকে বেসরকারি খাতের চারজন প্রতিনিধি মনোনীত করা হয়েছে।

 

কানাডিয়ান হাই কমিশনারের এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন জানান, তিনি নিজে এই গ্রুপের কো-চেয়ার হিসেবে আছেন। চলতি মাসেই যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে বাংলাদেশী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসবে এফবিসিসিআই। তিনি জানান, বাংলাদেশে নির্মানাধীন ১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে অনেকগুলো দেশ বিনিয়োগ করেছে। কানাডার বিনিয়োগকারীদের জন্যও এসব অঞ্চল আকর্ষনীয় হতে পারে। প্রাইমারি টেক্সটাইল, চামড়াজাত পণ্য, জ্বালানি ও বিদ্যুৎ, সিরামিকস, আসাবাব শিল্প, অবকাঠামো ও  ব্লু ইকোনমি খাতে বিনিয়োগের আহ্বান জানান মোঃ জসিম উদ্দিন।

 

বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে, কানাডিয়ান হাই কমিশনার বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভ্যন্তরীণ বিশাল বাজারের বিকাশসহ আর্থ সামাজিক নানা সূচকে এ অঞ্চলের সবচেয়ে প্রতিশ্রুতিশীল অর্থনীতির দেশ হয়েও, কানাডার বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ এখনো অনেকটাই অপরিচিতি। তাই নতুন বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনা করছে না দেশটির উদ্যোক্তারা। তবে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে এরইমধ্যে সিনিয়র ট্রেড কমিশনার নিয়োগ দিয়েছে কানাডা দূতাবাস।

 

সাক্ষাৎ অনুষ্ঠানে এফবিসিসিআই সহ-সভাপতি জনাব এম এ মোমেন বলেন, বিশ্ববিনিয়োগকারীরা নানা কারণে বিনিয়োগের জন্য চীনের বিকল্প গন্তব্য খুঁজছে। কানাডিয়ান প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনা করতে পারে। বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি মোঃ হাবীব উল্লাহ ডন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)