বাংলাদেশকে আরও ৩৫ লাখ টিকা উপহার দিলো যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২৭ অক্টোবর) মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফাইজার-বায়োটেক টিকা অনুমোদন দিয়েছে। মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর, ১২-১৭ বছর বয়সী বাংলাদেশিদের টিকাদানে সক্ষম করবে যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া টিকাগুলো।
রাষ্ট্রদূত মিলার বলেছেন, বাংলাদেশকে ফাইজারের আরও ৩৫ লাখ ডোজ টিকা অনুদান দিতে পেরে আমরা আনন্দিত।
প্রসঙ্গত, আমেরিকা এখন পর্যন্ত বাংলাদেশকে মোট ১ কোটি ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার দিয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//



