মন্ত্রিপরিষদ

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে দুই মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ

দেশে ই- কমার্সের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে আগামী দুই মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন (নিবন্ধন) নেওয়া এবং বাংলাদেশ ব্যাংকে একটি ডিপোজিট রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে ই-কমার্স নিয়ে আলোচনা হয়েছে। এতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী দুই মাসের মধ্যে একটি প্রিসাইড প্রোগ্রাম করে যারা যারা এ জাতীয় ই-কমার্সের সঙ্গে যুক্ত থাকবে তাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। এই সময়ের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে তাদের একটি ডিপোজিট রাখতে হবে। যাতে কোনো রকমের কিছু হলে সেই ডিপোজিট থেকে সবাইকে টাকা ফেরত দেওয়া হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও অন্যান্য যে ডিজিটাল মনিটরিং প্ল্যাটফর্ম ও ইন্টেলিজেন্স সংস্থাগুলো রয়েছে তাদের নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, তারাও এগুলোর চরিত্র চেক করে দেখবে, যাতে কেউ ফলস কিছু করতে না পারে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)