undefined

মুজিববর্ষে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ৩০ প্রতিষ্ঠান

মুজিব বর্ষ উপলক্ষে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে দেশের ৩০টি প্রতিষ্ঠান । আগামী ৮ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে আরো গৌরবোজ্জ্বল ও স্মরণীয় করে রাখতে এবার প্রথমবারের মতো ছয়টি খাতের ৩০টি প্রতিষ্ঠান-কারখানাকে এ স্বীকৃতি দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

 

পুরস্কারের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। শ্রমমান সম্পর্কিত কিছু নির্ণায়ককে মাপকাঠি হিসেবে ধরে প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন ও উদ্ভাবনী কার্যক্রমের মতো নির্ণায়ক। এসব বিবেচনা করে প্রতিষ্ঠান-কারখানাগুলোকে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে।

 

প্রথমবারের মতো প্রবর্তিত এ স্বীকৃতি পাচ্ছে তৈরি পোশাক খাতের ১৫টি কারখানা। এগুলো হলো -রেমি হোল্ডিংস লিমিটেড, তারাসিমা অ্যাপারেলস লিমিটেড, প্লামি ফ্যাশনস লিমিটেড, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, করণী নিট কম্পোজিট লিমিটেড, ডিজাইনার ফ্যাশন লিমিটেড, কেনপার্ক বাংলাদেশ অ্যাপারেল (প্রা.) লিমিটেড (কেনপার্ক ইউনিট-২), গ্রিন টেক্সটাইল লিমিটেড (ইউনিট-৩), ফোর এইচ ডায়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, উইসডম অ্যাটায়ার্স লিমিটেড, মাহমুদা অ্যাটায়ার্স লিমিটেড, স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড ও অকো-টেক্স লিমিটেড।

 

খাদ্য প্রক্রিয়াকরণ সেক্টরে তিনটি প্রতিষ্ঠান হলো-হবিগঞ্জ এগ্রো লিমিটেড, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও ইফাদ মাল্টি প্রডাক্টস লিমিটেড।

 

চা শিল্পে চারটি প্রতিষ্ঠান হলো- গাজীপুর চা বাগান, লস্করপুর চা বাগান, জাগছড়া চা কারখানা ও নেপচুন চা বাগান।

 

চামড়াজাত পণ্য খাতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড স্বীকৃতি পাচ্ছে দুটি শিল্প-কারখানা। এগুলো হলো -এপেক্স ফুটওয়্যার লিমিটেড ও এডিসন ফুটওয়্যার লিমিটেড।

প্লাস্টিক খাতে স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড, অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড ও ডিউরেবল প্লাস্টিক লিমিটেড।

 

ফার্মাসিউটিক্যালস খাতে যে প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি পাচ্ছে সেগুলো হলো -স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

 

এক বিবৃতিতে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপদ ও শোভন কর্মপরিবেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি ব্যবহারের মাধ্যমে আরো অধিক উৎপাদন নিশ্চিত করে দেশের অর্থনীতির গতিকে বেগবান ও টেকসই করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ তাদের লক্ষ্য। পাশাপাশি দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০ প্রবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতি বছর এ স্বীকৃতি দেয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)