লন্ডনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২১’ এর বক্তব্যে প্রধানমন্ত্রী
বাংলাদেশে বিনিয়োগ করুন, বিশেষ সুবিধা দেওয়া হবে
যুক্তরাজ্যসহ ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোতে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ইউরোপের অঞ্চলগুলোতে প্রচুর পরিমানে বাংলাদেশি বসবাস করছে। আমি তাদেরকে দেশে বিনিয়োগ করতে অনুরোধ করবো। পাশাপাশি বৃটিশ বিনিয়োগকারীদের সঙ্গে পার্টনারসীপ ভিত্তিতে বিনিয়োগে আসতেও তাদের প্রতি আমার অনুরোধ থাকবে। এছাড়া দেশে বিনিয়োগ করলে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) লন্ডনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাস্টেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক রোড শোতে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে এ অনুষ্ঠানটির স্পন্সর করেছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।
অনুষ্ঠানে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।
এসময় তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অর্থনীতির প্রায় সকল সেক্টরেই অভাবনীয় উন্নয়ন সাধন করেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবেেআত্নপ্রকাশ করতে চায় দেশটি। বাংলাদেশের কৃষি, বিদ্যু জ্বালানি, আইসিটিসহ বিভিন্ন খাত বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়।
তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার উচ্চহারে বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়ে আসছে। অচিরেই দেশের পুঁজিবাজার ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমারজিন মার্কেটে পরিণত হতে যাচ্ছে। তাই উচ্চহারে রিটার্ণ পেতে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদেরকে আহ্বান জানান তিনি। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন কৃষি খাতে বড় সফলতা অর্জন করেছে। এখন আপনারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। আপনারা বিনিয়োগ করলে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশে এখন সারাবছর ধরে শাক-সবজি উৎপাদন হচ্ছে। এখন আমাদের দেশের কৃষিতে বিপ্লব হচ্ছে। আপনারা কৃষি খাতে বিনিয়োগ করুন। শাক-সবজি, ফলমূল চাষে বিনিয়োগ করুন। টাটকা শাক-সবজি, ফল-মূল সব নিয়ে বিদেশে আসতে পারবেন।
উপস্থিত প্রবাসি ও বৃটিশদের আহবান জানিয়ে তিনি বলেন, এখানে যারা আছেন তারা যদি আসেন আমি খুশি হবো। বিশেষভাবে বাংলাদেশের প্রবাসীদের বলবো-বৃটিশ পার্টনারদের নিয়ে বাংলাদেশে আসেন। বাংলাদেশে ব্যবসা করেন, সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। কারো যদি কোনো অসুবিধা থাকে। তবে আমি আছি বিশেষভাবে ব্যবস্থা গ্রহন করবো, যাতে ব্যবসা করতে পারেন।
রোড শোতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়ত-উল-ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/শামীম//



