যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সালমান এফ রহমান
বাংলাদেশে বিনিয়োগে যেকোনো সময় মুনাফা তুলে নেওয়ার সুযোগ
বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে বিদেশি বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য রয়েছে নানা ধরনের ছাড়। যে কোনো সময় মুনাফা তুলে নেওয়ার সুযোগ রয়েছে। বৈশ্বিক করোনার মহামারির মধ্যেও প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দেশের অর্থনীতি গতিশীল রয়েছে। আমদানি-রপ্তানি সচল রয়েছে। এক যুগ ধরে বাংলাদেশের ব্যাপক উন্নতি হয়েছে। ফলে বাংলাদেশে বিনিয়োগে মুনাফার সম্ভবনা অনেক বেশি।
সোমবার (৮ নভেম্বর) যুক্তরাজ্যের ম্যানচেস্টার সেন্টার কনভেনশন কমপ্লেক্সের এক্সচেঞ্জ হলে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়াল ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
সম্মেলনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ।
মূল প্রবন্ধে তিনি দেশের পুঁজিবাজারে বিনিয়োগ ও মুনাফা তুলে নেওয়ার পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।
সালমান এফ রহমান বলেন, এক দশকে বাংলাদেশ আমুল পরিবর্তিন হয়েছে। দেশের অর্থনীতি ও মাথাপিছু আয় এবং জিডিপি প্রবৃদ্ধিসহ প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নতি হয়েছে। বাংলাদেশ সম্পর্কে ধারণা ছিল না সবার কাছে বাংলাদেশের নামটাও পরিচিত ছিল না। সবাই বাংলাদেশকে দরিদ্র রাষ্ট্র হিসেবে চিহ্নিত হতো। দীর্ঘদিন ধরে বাংলাদেশকে নিয়ে ব্রান্ডিং ছিল না। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশকে উপস্থাপিত হয়েছে।
তিনি বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসি গ্রুপের চেয়ারম্যান জোসে ভিয়ালস বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্রের মন্ত্রী লেরি সামার্স বাংলাদেশের অভুতপূর্ব প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশকে পরিবর্তন করেছে। এই ক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টায় নতুন বাংলাদেশে পরিণত হয়েছে। ৫০০ ইউএস ডলার থেকে মাথা পিছু আয় ২৫০০ ডলার ছাড়িয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ম্যানচেস্টার সিটির মেয়র এন্ডো বার্নহাম, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিডা) মো. সিরাজুল ইসলাম, বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান প্রমুখ।
বিনিয়োগবার্তা/এসএএম//



