ইন্দোনেশিয়ার সাথে শীঘ্রই বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ
ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশ শীঘ্রই বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ।
বুধবার (১০ নভেম্বর ) সকালে ইন্দোনেশিয়া সফররত বাংলাদেশের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সাথে ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী এগাস গুমিশুয়াং কারতাসাসমিতা (Agus Gumiwang Kartasasmita)-এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
একইদিন জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO)-র সহযোগিতায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়নের উপর ২য় আঞ্চলিক সম্মেলন (The 2nd Regional Conference on Industrial Development) অনুষ্ঠিত হয়।
বৈঠকে শীঘ্রই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করেন। এছাড়া ব্লু ইকোনমি, কারিগরী দক্ষতা এবং হালাল শিল্প বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরেও উভয় পক্ষ সম্মত হন।
এলক্ষ্যে কিছু দিনের মধ্যেই ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী তাদের বাণিজ্যমন্ত্রী এবং ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফর করবেন।
বৈঠকে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শিল্পমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মোঃ আব্দুল ওয়াহেদ এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নীতি) মোঃ সলিম উল্লাহ উপস্থিত ছিলেন।
১০-১১ নভেম্বর অনুষ্ঠিতব্য শিল্প উন্নয়নের উপর ২য় আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন গত ০৯ নভেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছান। সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ১২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
বিনিয়োগর্বাতা /এসআর/এসএএম//



